ডেস্ক রিপোর্ট | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামীকাল ২ নভেম্বর থেকে। তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও বর্তমানে সড়কে চলাচল করা অটোরিকশা তাৎক্ষণিক বন্ধ করা হবে না।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্প গতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে বিধিমালা প্রণয়ন করেছে সরকার। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যে কোনো এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন করা যাবে।
নিবন্ধন ছাড়া কোনো ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটির স্পিডোমিটার স্থাপন করতে হবে। এটির অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না বলেও জানান তিনি।
শাহে আলম বলেন, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার। প্রতিটিতে ইকোনোমিক লাইফটাইম হবে নিবন্ধনের থেকে ১২ বছর পর্যন্ত। সোমবার থেকে ১৩টি সিটি এলাকায় নিবন্ধন কাজ শুরু হবে, পর্যায়ক্রমে এর কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, বর্তমানে চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ করা হবে না। তবে রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নিয়মে দুই যাত্রী ধারণক্ষমতার ব্যাটারিচালিত রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা।
অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।
এ ছাড়া ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক জোন নির্ধারণ, নির্দিষ্ট রুট চালু এবং যানবাহনের জন্য আলাদা রং নির্ধারণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।