ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের ঋণ প্রস্তাবের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। বকেয়া বিষয়গুলো নিষ্পত্তি করে ঋণ প্রস্তাবটি চূড়ান্ত করাই এসব আলোচনার লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল বসবে।’
বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বহুপক্ষীয় সব সংস্থাই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের সব বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশকে সহায়তা করতে আগ্রহী।
অর্থমন্ত্রী বলেন, আগামী বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীরাও বিষয়টিকে একইভাবে দেখছে।
তিনি জানান, বিশ্বব্যাংকের সঙ্গে একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব দিয়েছে ঢাকা। আগামী পাঁচ বছরের জন্য সরকার একটি উন্নয়ন কাঠামোও তৈরি করেছে।
ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।