|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টার্কিশ এয়ারলাইন্স ও গলফহাউসের মধ্যে সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টার্কিশ এয়ারলাইন্স ও গলফহাউসের মধ্যে সমঝোতা স্মারক সই

প্রচার কার্যক্রম ও করপোরেট সেবায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে টার্কিশ এয়ারলাইন্স ও গলফহাউস।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় গলফহাউসের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা চুক্তি অনুযায়ী, গলফহাউস বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টার্কিশ এয়ারলাইন্সের সেবার প্রচার করবে। পাশাপাশি নিজস্ব গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগের পরিসরে বিমান সংস্থাটির সেবা সম্পর্কে তথ্য তুলে ধরবে। এর মাধ্যমে গলফের সঙ্গে যুক্ত গলফহাউসের পাঠক, গ্রাহক ও অংশীদারদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে টার্কিশ এয়ারলাইনস।

বাংলাদেশে ঢাকা–ইস্তাম্বুল পথে সপ্তাহে সাতটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে টার্কিশ এয়ারলাইন্স। ইস্তাম্বুল হয়ে সংস্থাটির বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে যাত্রীরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। পাশাপাশি টার্কিশ কার্গো সপ্তাহে দুটি পণ্যবাহী ফ্লাইট পরিচালনা করে, যা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারের বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখছে।

খেলাধুলা ও ক্রীড়াবিদদের পৃষ্ঠপোষকতায়ও বিভিন্ন উদ্যোগ রয়েছে টার্কিশ এয়ারলাইন্সের। এরমধ্যে রয়েছে আন্তর্জাতিক অপেশাদার গলফ টুর্নামেন্ট ‘টার্কিশ এয়ারলাইন্স ওয়ার্ল্ড গলফ কাপ’। সংস্থাটির নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে একজন যাত্রী এক সেট গলফ সরঞ্জাম বিনা খরচে সঙ্গে নিতে পারবেন। এ ক্ষেত্রে আগাম বুকিং ও পরিবহন সংক্রান্ত নির্ধারিত শর্ত প্রযোজ্য।

অনুষ্ঠানে টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা মহাব্যবস্থাপক ইসলাম গুরে ও মার্কেটিং অফিসার (ইন্টারন্যাশনাল) এজাজ কাদরি উপস্থিত ছিলেন। গলফহাউস ও গলফহাউস হোল্ডিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম নজরুল হোসেন এবং পরিচালক (অপারেশনস) কে এম বদিউজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৩৩ সালে মাত্র পাঁচটি উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে টার্কিশ এয়ারলাইন্স। বর্তমানে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জোট স্টার অ্যালায়েন্সের সদস্য এ সংস্থার বহরে যাত্রী ও পণ্য পরিবহনের মোট ৫৬৬টি উড়োজাহাজ রয়েছে। বিশ্বের ১৩৩টি দেশের ৩৫৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি।

অন্যদিকে, গলফহাউস বাংলাদেশের একটি গলফভিত্তিক গণমাধ্যম ও ব্যবসায়িক প্ল্যাটফর্ম। প্রকাশনা, টুর্নামেন্ট ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গলফার, করপোরেট ব্যক্তিত্ব, কূটনীতিক এবং সংশ্লিষ্ট খাতের অংশীদারদের সঙ্গে কাজ করে। প্রতিষ্ঠানটির প্রধান প্রকাশনা ‘দ্য গলফহাউস’ ২০১৫ সালে যাত্রা শুরু করে। সাময়িকীটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গলফবিষয়ক খবর ও প্রতিবেদন প্রকাশ করে।

টার্কিশ এয়ারলাইনস সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://www.turkishairlines.com এবং গলফহাউস সম্পর্কে জানা যাবে http://www.thegolfhousebd.com ওয়েবসাইটে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact