ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
আইটি কনসালট্যান্টস পিএলসির (আইটিসিএল) কারিগরি সমস্যার কারণে দেশের ৩০টি ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার দুই দিন পর তা পুরোপুরি চালু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী সংস্থা আইটিসিএল এবং একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসিএল জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়ার এক ক্ষুদে বার্তায় জানানো হয়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন শুরু করার কথাও জানানো হয়।
গত ৪ অক্টোবর রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এসব ব্যাংকের লাখ লাখ গ্রাহক। বন্ধ থাকা সেবার মধ্যে ছিল এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ড, পয়েন্ট অব সেলস (পিওএস) এবং অনলাইন লেনদেন। আগাম কোনো নোটিশ বা ঘোষণা ছাড়া এভাবে সেবা বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সে সময় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়েছিল, এসব সেবা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হবে।ঘড়ি কিনুন
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে গত মাসে একটি চিঠি দিয়ে জানিয়েছিল, তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম আপগ্রেড করার জন্য চলতি মাসের ২৮ তারিখ থেকে ২ নভেম্বর পর্যন্ত কার্ড সেবা কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু হঠাৎ করে আইটিসিএলের টেকনিক্যাল সমস্যার কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের কার্ড সেবা গত ৪ অক্টোবর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ রেখেছে।
তবে বন্ধ থাকা সেবা দ্রুত চালুর জন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়।