| রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
শুধু মশক নিধনের ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন।
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে মশক নিধনে চসিকের বিশেষ কর্মসূচি পরিদর্শনকালে এসব কথা বলেন আশরাফুল আমিন।
তিনি বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চসিক নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। নগরবাসীকে নিরাপদ রাখতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় বিশেষ কর্মসূচিও চালানো হচ্ছে।
আশরাফুল আমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীরও দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
চসিকের এ কর্মসূচির আওতায় ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, মশক নিধনের ওষুধ ছেটানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আশরাফুল আমিন।
ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মশাবাহিত রোগ প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ কর্মসূচি পরিচালনা করছে চসিক।