|

Advertise with us

যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ

যাত্রীসেবার মানোন্নয়ন, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ লক্ষ্যে ইতিমধ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণপত্র খোলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, বর্তমানে থাকা ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের সঙ্গে আরও ১৪৬টি সরঞ্জাম যুক্ত করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালনা করা হবে ৮০টি বৈদ্যুতিক যানবাহন (ইভি)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠার এক যুগ অতিক্রম করে আন্তর্জাতিক পরিসরে অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এগোচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে।

আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি। এর সঙ্গে আরও প্রায় ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের পর্যাপ্ততাকে গুরুত্ব দিচ্ছে ইউএস-বাংলা। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন সরঞ্জামের মধ্যে এয়ারক্রাফট পুশব্যাক ট্র্যাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্র্যাক্টর, যাত্রী বোর্ডিং সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক, পানি ও ল্যাভেটরি সার্ভিস ট্রাকসহ বিভিন্ন র‌্যাম্প সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।

ফ্লাইটের সময়ানুবর্তিতা ও দক্ষ পরিচালনা শুধু উড়োজাহাজের ওপর নির্ভরশীল নয়; আধুনিক গ্রাউন্ড ইকুইপমেন্ট, দক্ষ মানবসম্পদ ও সমন্বিত ব্যবস্থাপনাও এর অপরিহার্য অংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্টও সম্প্রসারণ করা হচ্ছে।

পরিবেশবান্ধব বিমান চলাচলব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৈদ্যুতিক যানবাহন শিল্প উন্নয়ন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যানবাহন পরিচালনার পরিকল্পনা করেছে ইউএস-বাংলা। এসব যানবাহনের চার্জিং অবকাঠামো স্থাপনের প্রক্রিয়া চলছে।

উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ওশেনিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন বিমানবন্দরে বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে উত্তর আমেরিকার নিউইয়র্কের জেএফকে, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, আটলান্টা, শিকাগো, ডালাস, টরন্টো পিয়ারসন ও কুইবেক সিটি; ইউরোপের আমস্টারডাম, ফ্রাঙ্কফুর্ট, ম্যানচেস্টার, লন্ডন হিথ্রো ও ইস্তাম্বুল; মধ্যপ্রাচ্যের দুবাই ইন্টারন্যাশনাল, দোহা হামাদ, আবুধাবি, জেদ্দা ও রিয়াদ।

এ ছাড়া পূর্ব এশিয়ার বেইজিং ক্যাপিটাল, টোকিও নারিতা, হংকং, ম্যাকাও ও সিউল; দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও ব্যাংকক; দক্ষিণ এশিয়ার দিল্লি ও ব্যাঙ্গালোর; ওশেনিয়া অঞ্চলের ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনি; লাতিন আমেরিকার সান্তিয়াগো ও বোগোটা; এবং আফ্রিকার নাইরোবি ও জোহানেসবার্গ বিমানবন্দরেও চার্জিং স্টেশন রয়েছে।

অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে বিমানবন্দরের বিভিন্ন গ্রাউন্ড অপারেশনে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের মাধ্যমে জ্বালানি নির্ভরতা ও স্থানীয় পর্যায়ের কার্বন নিঃসরণ কমানোর সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব গ্রাউন্ড অপারেশন গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, বিমানবন্দর আধুনিকায়ন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সরকারের উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে সমন্বয় করে বেসরকারি খাতের বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

 

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বোর্ডিং পাস দেখালেই ছাড় পাবেন...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
পোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact