ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | ১৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
অবশেষে ড্রাইভিং লাইসেন্স স্মার্টকার্ডের ক্রয় প্রস্তাব বাতিল হয়েছে। নানা আলোচনা-সমালোচনার পর উপযুক্ত সরবরাহকারী না পাওয়ায় পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গত বুধবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সময়মতো লাইসেন্স সরবরাহের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দরপত্র আহ্বানের প্রক্রিয়ায় না যাওয়ায় তৈরি হয়েছে এ দুরবস্থা।
এখন নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে কার্ড সরবরাহ বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কারণ দরপত্র মূল্যায়নে অনেক সময় পার হয়। মন্ত্রিসভা কমিটির অনুমোদন শেষে কার্যাদেশ পেলে যন্ত্রপাতি আমদানিসহ মুদ্রণ প্রক্রিয়ায় যেতেই প্রায় দেড় বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্মার্টকার্ড ফুরিয়ে যাওয়ার লক্ষণ দেখার পরও দরপত্র আহ্বানে দেরি করে বিআরটিএ। ফলে সময়মতো অতিরিক্ত কার্ড ছাপাতে গিয়ে লেজেগোবরে অবস্থা তৈরি হয়। তাই থেমে যায় চুক্তির অতিরিক্ত কার্ড মুদ্রণের প্রক্রিয়াও। অথচ দীর্ঘদিন ধরে স্মার্টকার্ড সংকট শুনে আসছেন গ্রাহকরা।
তাই মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অতিরিক্ত অর্থ লেনদেনের ঘটনা ঘটছে। কার্ড সংকটের সুযোগকে কাজে লাগিয়ে অসাধু চক্রের তৎপরতা বেড়েছে। এরই মধ্যে নতুন করে দরপত্র আহ্বানে কার্ড সংকট আরও তীব্র আকার ধারণ করবে।
এদিকে নতুন করে দরপত্র আহ্বানের যে সিদ্ধান্ত মন্ত্রিসভা কমিটি নিয়েছে সেটির কাগজপত্রও নাকি এখনো পায়নি বিআরটিএ। সংস্থার চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন, নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্তের কথা শুনেছি, তবে এখনো লিখিত কাগজপত্র পাইনি।
জানা গেছে, বর্তমানে সারাদেশে ৪২ লাখ ১৭ হাজার ৫২৩টি গাড়ি রয়েছে। এর বিপরীতে লাইসেন্স রয়েছে ৩৬ লাখ ২ হাজার ৪১৯টি। এই লাইসেন্স সংগ্রহের জন্য ঢাকাসহ সারাদেশে বিআরটিএর ৫৭টি সার্কেল অফিস রয়েছে। কিন্তু এসব অফিসের সবগুলোতেই লাইসেন্স পেতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু লাইসেন্সের আবেদনের মধ্যে মিরপুর অফিসের জন্য সরবরাহ করা হচ্ছে মাত্র ২০টি কার্ড।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম জেলা অফিসে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি এবং কিছু অঞ্চলে দিনে ৩টি করে স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। তা-ও সেটি দেওয়া হচ্ছে জরুরি বিবেচনায়। চাকরির নিয়োগপত্র কিংবা বিদেশযাত্রী হলে ভিসা-পাসপোর্ট যাচাই করে সীমিত আকারে লাইসেন্স দেওয়া হয়। বিকল্প ব্যবস্থা হিসেবে একটি সাধারণ কার্ড বিতরণ শুরু করেছে বিআরটিএ।
বিআরটিএ সূত্র জানায়, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে ছাত্র আন্দোলনের কারণে লাইসেন্সের আবেদনকারী বেড়ে যায়। তা ছাড়া নতুন সড়ক আইন অনুযায়ী লাইসেন্স না থাকার অপরাধে প্রথমবার ৫ হাজার টাকা ও দ্বিতীয় বার ১০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। তাই লাইসেন্স-প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলেছে। এই সংকট নিরসনেই স্মার্টকার্ড ক্রয়ের পদক্ষেপ নিয়েছিল বিআরটিএ। কিন্তু পুরো বিষয়টি লেজেগোবরে করে ফেলায় এখন এর জের টানতে হচ্ছে।
সূত্রটি আরও জানায়, ২০১৬ সালে পাঁচ বছরের জন্য ১৫ লাখ লাইসেন্স সরবরাহের জন্য টাইগার আইটি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিআরটিএ। তাদের সময়সীমা ২০২২ সাল। তবে নির্ধারিত সময়ের আগেই বেশি কার্ড ছাপাতে হয় চাহিদার কারণে। টাইগার আইটির মাধ্যমে অতিরিক্ত কার্ড ছাপানোর প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছিল ২০১৯ সালে। কিন্তু প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়ায় তখন কার্যাদেশের প্রস্তাব নাকচ করে দেয় কমিটি। তা ছাড়া ড্রাইভিং লাইসেন্স মুদ্রণের জন্য গত বছর ১০ জুন দরপত্র আহ্বান করা হয়।
গত বছর ১৯ সেপ্টেম্বর আইবিসিএস ও এসইএলপি, লজিক ফোরাম ও এমএসপি এবং পিএনএমবি ও বাবর নামে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এই তিন প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন যোগ্য বিবেচিত হয় আইবিসিএস ও এসইএলপি।
কিন্তু দরপত্র মূল্যায়নকালেই এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় আরেক প্রতিষ্ঠান এমএসপি। এ নিয়ে অভিযোগ যাচাই শেষে সেলপ (এসইএলপি) নামের প্রতিষ্ঠানটিকে যোগ্য বিবেচনা করে দরপত্র মূল্যায়ন কমিটি। কিন্তু প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ওই কমিটি সর্বনিম্ন দরদাতা সেলপের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পায়। এর পর মতামত জানতে বিআরটিএকে চিঠি দেয় মন্ত্রণালয়। এর জবাবের পর ওই সেলপকেই মনোনীত করে প্রস্তাব পাঠানো হয়। সেটি বুধবার নাকচ করে মন্ত্রিসভা কমিটি।
সূত্রমতে, দরপত্র প্রক্রিয়া বাতিল হতে পারে এমন বিবেচনায় সরাসরি পদ্ধতিতে লাইসেন্স সরবরাহের কথা ভাবা হয়েছিল। এ জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাওয়া যায় গত ১০ অক্টোবর।
তার আগে বিআরটিএ ও বিএমটিএফর মধ্যে গত ১০ ও ১১ জুন চিঠি চালাচালি হয়েছে। বিএমটিএফের সর্বশেষ চিঠিতে বলা হয়, প্রতি পিস ৪.২৫ ডলারে স্মার্টকার্ড সরবরাহ করতে তারা প্রস্তুত আছে। তবে এখন ডিপিএমের সুযোগ কম। কারণ পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।