| মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। একই সঙ্গে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, সংরক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিপিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন সময়ে পেট্রলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি ও মূল্য সমন্বয়ের কারণ, জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখার উপায় এবং মূল্য হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে জ্বালানি সংকট সৃষ্টির কারণ জানতে চাওয়া হয়। একই সঙ্গে সংকটকালীন ও পরবর্তী সময়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা অপরিবর্তিত থাকার পরও শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির মাধ্যমে কীভাবে সংকটের অবসান হয়েছে, সে বিষয়ে বিপিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
কমিটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত সংরক্ষণ সক্ষমতা গড়ে তোলা এবং সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে। জনগণের ওপর জ্বালানির বাড়তি মূল্যবৃদ্ধির চাপ কমাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণেরও সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিপিসির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, প্রতিষ্ঠান ও জাতীয় সংসদ সচিবালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।