| বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র স্থাপন এবং কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি সই করেছে।
চুক্তি সই অনুষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ হোসেন খানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ.কে.এম. সাইদুজ্জামান এবং ওয়ান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
এ ছাড়া অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের এগ্রিকালচার অ্যান্ড এনজিও ফাইন্যান্স প্রধান মো. মঞ্জিল ইয়াদুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় মোট তহবিলের ১৫ শতাংশ কৃষি উৎপাদন খাতে বরাদ্দ। এর মধ্যে শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি এবং গ্রামীণ ঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
আরও ৩৫ শতাংশ কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন ও বিপণন এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে সহায়তার জন্য বরাদ্দ রয়েছে। অবশিষ্ট ১৫ শতাংশ কৃষিপণ্য রপ্তানি ও রপ্তানিমুখী কার্যক্রমে সহায়তার জন্য বরাদ্দ আছে।
এই উদ্যোগটি কৃষি উৎপাদন, সরবরাহ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এটি কৃষিভিত্তিক কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তা প্রদান এবং রপ্তানিমুখী কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, যা গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
ওয়ান ব্যাংক এই পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প বিকাশে সহায়তা করার পাশাপাশি ব্যাংকটির কৃষি অর্থায়ন কার্যক্রমকেও শক্তিশালী করবে।