ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
অভিনেতা সোহেল খানের মৃত্যুর এক দিন আগেই তাকে স্মরণ করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এর একটি দৃশ্যে সোহেল খানের ফটোকার্ড শেয়ার করেছিলেন তিনি। এর পরদিনই অভিনেতার মৃত্যুর খবর এলো; আর তা শুনেই আবেগঘন হয়ে পড়লেন নির্মাতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোহেল খানের মৃত্যুর খবর শুনে ফেসবুকে ফারুকী লেখেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?’
ফারুকীর নির্মাণে ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। এতে ‘বিশু’ নামের এক নেতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রটির সংলাপ ও অভিনয় দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন পরও ধারাবাহিকটির বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরেফিরে আসে। মৃত্যুর আগের দিন ফারুকীর শেয়ার করা ফটোকার্ডটিও ছিল সেই ধারাবাহিকের একটি দৃশ্যের।
ফারুকীর সঙ্গে একাধিক কাজ করেছেন সোহেল খান। তবে ‘৪২০’-এর বিশু চরিত্রটি তার অভিনয়জীবনের আলোচিত কাজগুলোর একটি। একসময় পর্দায় যে অভিনেতাকে নিয়ে দর্শকের হাসি-আনন্দের স্মৃতি তৈরি হয়েছিল, তার মৃত্যুর খবর সেই ভক্ত-দর্শকের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অবস্থানকালে মারা যান সোহেল খান। ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য গত ১৯ নভেম্বর থেকে সেখানে ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।