ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বীর মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র রায় (৭০)। পথে পুকুরপাড়-সংলগ্ন সড়কের ভাঙা অংশে পড়ে যায় তার বাইসাইকেলের সামনের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। কোমরে গুরুতর আঘাত পান। চিকিৎসা চললেও এখন আর নিজের পায়ে ভর করে একা হাঁটতে পারেন না তিনি।
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ দাউদপুর গ্রামের আড়াই কিলোমিটার সড়কের দুরবস্থার শিকার অমূল্য চন্দ্র রায়ের মতো আরও হাজারো মানুষ। কাঁচা ও পাকা (সিসি ঢালাই) মিলিয়ে সড়কটির বিভিন্ন অংশ এখন খানাখন্দে ভরা। কোথাও পুকুরপাড়ের মাটি ধসে সড়ক সরু হয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালুতে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের।
এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পায়ে হাঁটার পাশাপাশি বাইসাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানই তাদের যাতায়াতের প্রধান বাহন। সড়কটির বেহাল অবস্থার কারণে রোগী পরিবহনেও পোহাতে হয় চরম দুর্ভোগ। এ পথে নিয়মিত চলাচলকারী ১০ থেকে ১২টি ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রীদেরও প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন অংশের নামকরণ করা হয়েছে তিন বিশিষ্ট ব্যক্তির নামে। ২০১৭ সালে কাটলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাটলা বাজার-সংলগ্ন উত্তর অংশের নাম রাখা হয় ‘মরহুম মকছেদ আলী মণ্ডল চেয়ারম্যান সরণি’। পরের বছর উপজেলা পরিষদের উদ্যোগে দক্ষিণ দাউদপুরে জালাল উদ্দিন মাস্টারের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার অংশের নামকরণ করা হয় ‘বীরমুক্তিযোদ্ধা দারাজ উদ্দিন সড়ক’। ওই সময় সড়কটির ৩০০ মিটার অংশে সিসি ঢালাই করা হয়। এর এক বছর পর উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র রায় সড়কের মাঝের অংশে ‘বীরমুক্তিযোদ্ধা অমূল্য সড়ক’ নাম দিয়ে একটি স্মৃতিফলক স্থাপন করেন।
তবে নামকরণ হলেও সড়কের পুরো অংশের উন্নয়ন হয়নি। গত আট বছরে উপজেলা প্রকৌশল দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে সাত ধাপে মাত্র এক কিলোমিটার সড়ক সিসি ঢালাই করা হয়েছে। কিন্তু বালু ও মাটি বহনকারী ভারী ট্রাক্টর চলাচলের কারণে পাকা অংশটিরও বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুরপাড়ের মাটি ধসে সড়ক ভেঙে গেছে।
বিশেষ করে বিদ্যালয়গামী শিশুদের জন্য সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙা ও গর্তযুক্ত সড়ক দিয়ে ভ্যানে করে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবকেরা। এরই মধ্যে সড়কটির অন্তত ছয়টি স্থানে পুকুরপাড়ের নিচের মাটি সরে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাঁচা অংশ পাকা করা এবং ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য তারা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
দক্ষিণ দাউদপুর গ্রামের ভ্যানচালক সামসুল আলম বলেন, ‘এ্যাংকা (এমন) রাস্তা দেশোত আর কোটেও (কোথাও) আছে কিনা হামার জানা নাই। এই রাস্তা দিয়ে ভ্যান চালালে ড্রাইভার ও যাত্রীর বুকোত ও কোমরোত ব্যাদনা (ব্যথা) হয়। রাস্তায় গর্ত থাকার কারণে ভ্যানের বল-বিয়ারিং প্রায় নষ্ট হয়।’
উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা আজিজার রহমান (৭২) বলেন, ‘ছোটবেলাত্তে এই রাস্তা দিয়ে আমি বাইসাইকেলোত চড়ে চলাচল করি। রাস্তাত গর্ত থাকায় অনেক জায়গাত নেমে পার হবার লাগে। গত বিশ বছর ধরে শুনে আসোছি—রাস্তাটা পাকা হবে। আমি বাঁচে থাকতে এই রাস্তা আর পাকা হবে কিনা, সেটা একমাত্র আল্লাই জানে।’
এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বলেন, ‘ওই রাস্তা দিয়ে চলাচলে এলাকার মানুষের দুর্দশার কথা শুনেছি। দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) প্রকল্পের আওতায় কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দাউদপুর আবদুল আহাদ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাকা (কার্পেটিং) করার জন্য একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলেই সড়কটি কার্পেটিং করা হবে।’