|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদের আগে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ র‍্যাম্প, জুনে কমলাপুরের দুটি

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের আগে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ র‍্যাম্প, জুনে কমলাপুরের দুটি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ অংশের র্যাম্প আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে, অথবা তার আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মার্চে ঈদুল ফিতরকে সামনে রেখে র্যাম্পটি চালু করা গেলে রাজধানীর সড়কে যানজট কমাতে সহায়ক হবে বলে মনে করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এই র্যাম্প দিয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ তৈরি হলে তেজগাঁও র্যাম্পের ওপরও যানবাহনের চাপ কমবে। সেতু বিভাগ ও বিবিএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ছাড়া কমলাপুর অংশে ওঠা ও নামার জন্য দুটি র্যাম্প ২০২৭ সালের মধ্যে চালুর প্রস্তাব থাকলেও আগামী জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কমলাপুর থেকে কুতুবখালী এবং পান্থকুঞ্জ থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ের বাকি নির্মাণকাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিবিএর কর্মকর্তারা আরও জানান, কোনো অবস্থাতেই প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না বলে পিপিপিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান। একই সময়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজও শেষ করার পরিকল্পনা রয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পের বিভিন্ন অংশে নির্মাণকাজ চললেও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এখনো অগ্রগতি বেশ ধীর। বিশেষ করে মানিকনগর, কমলাপুর, টিটিপাড়া ও যাত্রাবাড়ী অংশে কাজের গতি নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে একদিকে ঈদের আগে কয়েকটি র্যাম্প চালুর উদ্যোগ নেওয়া হলেও অন্যদিকে পুরো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সংশয় কাটছে না।

প্রকল্পের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৮০.৭২ শতাংশ। তিনটি ধাপের মধ্যে প্রথম ধাপের কাজ শতভাগ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের কাজের অগ্রগতি ৮৭.০৩ শতাংশ এবং তৃতীয় ধাপের অগ্রগতি মাত্র ২২.৪৫ শতাংশ। বিশেষ করে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত তৃতীয় ধাপের কাজ পিছিয়ে থাকায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। র্যাম্পসহ প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। এর মধ্যে ওঠানামার জন্য রয়েছে ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র্যাম্প। কাওলা-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে এই উড়ালসড়ক।

ইতিমধ্যে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২০ মার্চ এফডিসি রেলগেটসংলগ্ন ডাউন র্যাম্প চালু করা হয়। এর ফলে বিমানবন্দর থেকে ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় যাতায়াত সহজ হয়েছে। তবে প্রকল্পের বাকি অংশ চালু না হওয়ায় রাজধানীর পূর্ব ও দক্ষিণাঞ্চলের সঙ্গে এই উড়ালসড়কের পূর্ণাঙ্গ যোগাযোগ এখনো প্রতিষ্ঠিত হয়নি।

যেসব এলাকায় কাজ পিছিয়ে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত নির্মাণকাজে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ রয়েছে। মানিকনগর এলাকায় জনবসতি ও জায়গার সংকটের কারণে কাজ এগিয়ে নেওয়া কঠিন হচ্ছে। কমলাপুর স্টেডিয়াম ও কন্টেইনার ডিপোর পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের মূল অংশ যাওয়ার কথা থাকলেও ভূমিসংক্রান্ত জটিলতায় সেখানে কাজ শুরু করা যায়নি। টিটিপাড়া অংশেও নির্মাণকাজের অগ্রগতি ধীর।

যাত্রাবাড়ী ফ্লাইওভারের শেষ প্রান্ত থেকে কুতুবখালী পর্যন্ত অংশেও কাজের গতি কম। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকটি পিলার নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। নতুন নকশা অনুযায়ী, যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে পোস্তগোলা হয়ে পদ্মা সেতুর মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করার জন্য একটি র্যাম্প নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ঢাকা, আশুলিয়া ও মাওয়া এক্সপ্রেসওয়ের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যও রয়েছে।

অন্যদিকে সবুজবাগ ও বাসাবো অংশে নির্মাণকাজের অগ্রগতি তুলনামূলকভাবে দৃশ্যমান। সবুজবাগ ফুটওভার ব্রিজের পর থেকে পিলার নির্মাণ, পিয়ার ক্যাপ তৈরি ও কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে। সেখানে কংক্রিট মিক্সিং সাইলো এবং বড় আকারের গ্র্যান্টি ক্রেন স্থাপন করা হয়েছে।

বাসাবো এলাকায় মাটি ও বালি দিয়ে ভরাটের কাজ শেষ করে মূল সড়কে ওঠানামার র্যাম্প এবং পিয়ার ক্যাপ নির্মাণ করা হচ্ছে। বাসাবো থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত অংশে বিদ্যমান ফ্লাইওভারের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ে নেওয়ার কারণে পিলারের উচ্চতাও তুলনামূলক বেশি হবে।

খিলগাঁও ও মালিবাগ অংশে রেললাইন এবং বিদ্যমান ফ্লাইওভারের সঙ্গে সমন্বয় করে নির্মাণকাজ করতে হচ্ছে। খিলগাঁওয়ে রেললাইন ও ফ্লাইওভারের মাঝখানে সীমিত জায়গায় যান চলাচল স্বাভাবিক রেখে পিলার ও পাইলিংয়ের কাজ চলছে। অন্যদিকে খিদমাহ হাসপাতাল থেকে মালিবাগ পর্যন্ত বেশ কয়েকটি পিলার ও পিয়ার হেড নির্মাণ করা হয়েছে।

মালিবাগ অংশে নকশা পরিবর্তন করে মূল এক্সপ্রেসওয়েকে রেললাইনের ওপর থেকে সরিয়ে সড়কের মাঝখানে পিলারের ওপর দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে টি-গার্ডার স্থাপনের কাজও শুরু হয়েছে।

পান্থকুঞ্জ ও কারওয়ান বাজারে পাঁচটি র‌্যাম্প
মগবাজার, এফডিসি, কারওয়ান বাজার ও পান্থকুঞ্জ অংশে এক্সপ্রেসওয়ের সঙ্গে পাঁচটি র‌্যাম্প যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এফডিসি প্রান্তের একটি ইন-র্যাম্প পোর্টাল পিলারের ওপর দিয়ে মগবাজার ফ্লাইওভারের দুই পাশ অতিক্রম করে মূল এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে। সোনারগাঁও হোটেলের পেছনে এবং হাতিরঝিলের পাড়ঘেঁষে পাইলিং, পাইল ক্যাপ ও পিয়ার ক্যাপ নির্মাণের কাজ চলছে।

পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে মেট্রোরেল লাইনের ঠিক নিচে টি-গার্ডার ও ডেক স্ল্যাব স্থাপনের কাজ করা হচ্ছে। এই অংশের র্যাম্পটি ফেব্রুয়ারির প্রথম দিকে চালু করা সম্ভব হলে ঈদের আগে রাজধানীর যান চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ। বিশেষ করে তেজগাঁও র্যাম্পে যানবাহনের চাপ কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাড়বে না প্রকল্পের মেয়াদ
২০১১ সালের ১৯ জানুয়ারি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর সংশোধিত চুক্তি করা হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,৯৪০ কোটি টাকা।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। চীনের চায়না শানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ২০ শতাংশ মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটিতে।

প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে কমলাপুর থেকে কুতুবখালী এবং পান্থকুঞ্জ থেকে পলাশী পর্যন্ত বাকি কাজ শেষ করতে হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানও প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না বলে সরকারকে জানিয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্মাণকাজের গতি বাড়ানো এবং ভূমি ও নকশাসংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করা জরুরি হয়ে পড়েছে।

একই সময়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও শেষ করার পরিকল্পনা রয়েছে। দুটি প্রকল্প চালু হলে রাজধানীর উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তৃতীয় ধাপের বর্তমান অগ্রগতি বিবেচনায় ২০২৮ সালের ডিসেম্বরের লক্ষ্য অর্জন করতে হলে আগামী দুই বছরে নির্মাণকাজে উল্লেখযোগ্য গতি আনতে হবে বলে সংশ্লিষ্টরা জানান। সূত্র The Business Standard বাংলা

Advertise with us
Advertise with us
পদ্মা ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঈদের আগে চালু হচ্ছে এলিভেটেড...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact