ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয় হচ্ছে। বিদ্যমান সড়ক উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে নতুন ২.৫০ কিলোমিটার সড়ক।
একই সঙ্গে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসন এবং পুনর্নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৪৯ কোটি টাকা। দুই প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন ও নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কর্ণফুলী টানেল থেকে গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা। অন্যদিকে, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসন ও পুনর্নির্মাণে ব্যয় হবে ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকা। দুটি প্রকল্পেই সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) থেকে অর্থ ব্যয় করা হবে। সব মিলিয়ে দুই প্রকল্পে ব্যয় হবে ৩১৬ কোটি ৯০ লাখ ২২ হাজার ৮১৮ টাকা।
কর্ণফুলী টানেল থেকে গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০২-এর আওতায় কাজের জন্য ই-জিপি পোর্টালে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়।
এতে আটটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে কর ও ভ্যাটসহ ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকায় কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
প্রকল্পের আওতায় কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত বিদ্যমান সড়কের উন্নয়ন করা হবে। পাশাপাশি ২ দশমিক ৫০ কিলোমিটার নতুন পেভমেন্ট বা সড়ক নির্মাণ করা হবে।
প্রকল্পের নির্ধারিত অংশে বিদ্যমান সড়কের পেভমেন্ট উন্নয়ন ও শক্তিশালীকরণের কাজও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। এর বাস্তবায়ন মেয়াদ ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের অধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণকাজেও ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকা ব্যয় করা হবে। এ কাজের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০১। এটিও বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।
এ প্যাকেজের কাজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে নয়টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ১৪৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকায় কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
প্রকল্পের আওতায় পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়কের ১০ কিলোমিটার অংশে পুনর্বাসন, পুনর্নির্মাণ ও উন্নয়নকাজ করা হবে। এসব কাজের মধ্যে রয়েছে মাটির কাজ, বিদ্যমান পিচঢালা সড়ক প্রশস্তকরণ, পেভমেন্ট শক্তিশালীকরণ, বাস বে ও সংযোগস্থল নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ, কংক্রিট ব্লক দিয়ে ঢাল সুরক্ষা এবং সড়কের নির্দেশক ও সংকেত স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন।