ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে দোকানের সামনে রাখা পার্ক করে রাখা এক ব্যবসায়ীর মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের দাবি, এতে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজবাড়ী সদর থানার পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মোটর্স অ্যান্ড মেশিনারিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজবাড়ী থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন গাড়ির মালিক মো. রফিকুল আলম (৫৮)। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি ইজিবাইক ও মেশিনারিজের ব্যবসা করেন এবং পাবলিক হেলথ মোড়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান। রাতে তার মিনি ট্রাকটি দোকানের সামনে পার্ক ছিল। অজ্ঞাত দুই ব্যক্তি সেখানে গিয়ে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি পুড়ে যায়। একই সঙ্গে পাশের বাড়ির বিদ্যুতের সার্ভিস তার ও মিটারও পুড়ে যায়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাড়ির মালিক রফিকুল আলম জানান, দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, পেছন দিক থেকে ধারণ করা ভিডিওতে দুই ব্যক্তি গাড়িতে আগুন দিচ্ছে। তবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি তিনি। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা বলেন, গত রাত ২টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ২টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, পাবলিক হেলথ মোড়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। রাতেই পুলিশের দহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।