ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে সদর উপজেলার কোড্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। এছাড়া অবরোধের কারণে ভারতে রপ্তানি পণ্যের কয়েকটি ট্রাক কোড্ডা এলাকায় আটকা পড়েছে।
আজ (রোববার, ৮ নভেম্বর) সকাল সোয়া ৭টা থেকে এ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন এই ইউনিয়ন গঠিত হয়। তার বাড়ি বরিশল গ্রামে। বরিশল গ্রামটিও পূর্বে বাসুদেব ইউনিয়নে অন্তর্ভুক্ত ছিলো। নবগঠিত বরিশল ইউনিয়নকে আখাউড়া উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রামকে বিচ্ছিন্ন করে বরিশল ইউনিয়ন করার প্রতিবাদে নানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন ওইসব গ্রামের বাসিন্দারা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ। এরই অংশ হিসেবে রোববার সকালে রেলপথ ও সড়ক অরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, ‘প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির প্রভাব খাটিয়ে তার ভাই কবীর আহমেদ ভূঁইয়া এসব করছেন। বরিশল বিলেরপাড়ের একটি গ্রাম। এই গ্রাম কোনোভাবেই ইউনিয়ন হতে পারে না। তার এসব কর্মকাণ্ডে বিএনপিরও ক্ষতি হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এছাড়া কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও নিরাপত্তাজনিত করণে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।