ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) রায়পুরার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে দু’জনের মরদেহ দাফন করে পরিবার। নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন— রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও একই ইউনিয়নের সাহেরচর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে জীবন (২০)। নিরব নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নিরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আশারামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে জীবনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছাকাছি পৌঁছালে তার মৃত্যু হয়। এরপর শুক্রবার রাতেই দুই বন্ধুর মরদেহ বাড়িতে নিয়ে যান তাদের পরিবারের সদস্যরা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত নই। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেয়া হচ্ছে।’