| রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পর যমজ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার অভিযান চালিয়ে তাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় নিখোঁজ আরেকজনের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) । নিখোঁজ রয়েছে একই এলাকার আব্দুল আলির ছেলে আবির (১৪)। তারা তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। তবে স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসতে পারলেও বাকি তিনজন নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।