| রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেছেন, গত ১৫ বছর দেশে সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি। ওই সময়ে সাংবাদিকদের একটি অংশ সংবাদমাধ্যমকে আওয়ামী লীগের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করেছে। গণতন্ত্র ও দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একপক্ষীয়ভাবে গণমাধ্যম পরিচালনা করা হয়েছিল।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর দেশের সংবাদমাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে দেশে গণতন্ত্র কখনো বিকশিত হবে না। জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন– চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম ও জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহের।