ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকে আগের রাতে তা প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠক শেষে আহুত ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানান পরিবহন শ্রমিক নেতারা।
আজ সোমবার থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
তিনি বলেন, যে দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা বাস্তবায়নে প্রশাসনের আশ্বাস পাওয়ায় সোমবার সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও পরিবহন ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে শ্রমিক-পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতারা।
পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ শীর্ষ নেতারা।
উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।
গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এদের মধ্যে এক পক্ষ ধর্মঘটের পক্ষে ও আরেক পক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছিল।