শিরোনাম
| ১২:৪৬ পিএম, ২০১৯-০৬-১৯
দেশের মাটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার'সহ দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক নানান ধরনের সম্মাননায় ভূষিত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু দেশের বাইরে এবারই প্রথম তিনি 'আজীবন সম্মাননায়' ভূষিত হলেন। আর এই সম্মাননাকে মৌসুমী তার জীবনের অন্যতম একটি অর্জন বলেও বিবেচিত করছেন। গত ১৬ জুন মৌসুমীকে আজীবন সম্মাননায় ভূষিত করে 'আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব'। সেদিন সংগঠনের বার্ষিক বনভোজনে এ সম্মাননা তুলে দেয়া হয়। কার্যকরী কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সম্মাননা তুলে দেন ক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাবেক সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। এসময় মৌসুমীর স্বামী নায়ক ওমর সানী, প্রেস ক্লাবের সহ-সভাপতি বেলাল আহমেদ, কলামিস্ট আবু জাফর মাহমুদ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয় লংআইল্যান্ডের হ্যাকশেয়ার পার্কে। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়ার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়।
মৌসুমী বলেন, 'দেশের বাইরে আমি সম্মাননা পেয়ে সত্যিই অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। এ সম্মাননা আমি বহন করে নিয়ে যাবো বাংলাদেশে। প্রেস ক্লাবের এ সম্মাননা আমার সফলতার পালকে একটি উজ্জ্বল সংযোজন। আমি শুধু খুশিই নই- প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞও, যা আমি আজীবন স্মরণ রাখব। আজ আমার নতুন পরিচয় আমি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য যা আমার জন্য অত্যন্ত গৌরবের।'
ওমর সানী বলেন, 'আজ আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব একজন যোগ্য মানুষকে, যোগ্য নায়িকাকে সম্মান জানিয়েছে। যাতে আমি ব্যক্তিগতভাবে খুশি। আমি সবসময় মনে করি সাংবাদিকরা আমার পরিবারের সদস্য বা আমি সাংবাদিকদের পরিবারের সদস্য। এতদিন আমি সেটি মনে করলেও আজ প্রবাসের মাটিতে তার প্রমাণ নিয়ে দেশে ফিরছি আমরা দুজনই।'
সূত্র: যায়যায়দিন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত