শিরোনাম
Passenger Voice | ০৫:০৪ পিএম, ২০২১-০৬-২৪
সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের রেলমন্ত্রীকে দেওয়া আধা ডিও লেটার (সরকারিপত্র) দেওয়া সংক্রান্ত আচরণে বিস্ময় প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, 'স্থানীয় সাংসদ হিসেবে আমাকে বাদ দিয়ে অন্য পাঁচ সাংসদের পক্ষ নিয়ে রেলমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তার কাজটি সঙ্গত হয়নি। অন্য কেউ হলে এরকম অবস্থায় অন্তত ফোন করতেন। এ কারণে আমি বিস্মিত, তবে খুব দুঃখ পাইনি।'
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ডিও লেটার প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, 'পররাষ্ট্রমন্ত্রীর কর্মক্ষেত্র বিশ্বব্যাপী। আমার কর্মক্ষেত্র গ্রাম। গ্রামের মানুষের জন্য একটা পানির কল স্থাপন করতে পারলেই আমি খুশি। আকাশের তারা হওয়ার ইচ্ছা আমার নেই।'
দু'জনের সম্পর্কের কারণে এটি বড় কোনো বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। মন্ত্রীসভার সদস্য হিসেবে সরকারের নীতিনির্ধারণে দু'জনেই কাজ করছি। আমাদের কোনো শত্রুতা নেই। গত ৫০-৫২ বছর ধরে আমরা বন্ধু, এখনো বন্ধু।'
প্রসঙ্গত, সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের বিষয়ে গত ৬ জুন রেলমন্ত্রী নুরুল ইসলামকে ডিও লেটার দেন স্থানীয় ৫ সাংসদ। রেলের জন্য ওইপথটি নির্বাচনে দীর্ঘদিন ধরে আপত্তি আছে পরিকল্পনামন্ত্রীর। এর মধ্যে ওই ৫ সাংসদের পক্ষ নিয়ে রেলমন্ত্রীকে ১০ জুন পৃথক চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী। এর সূত্র ধরে ১৪ জুন নিজ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে পররাষ্ট্রমন্ত্রীর আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত