শিরোনাম
Passenger Voice | ০১:০৭ পিএম, ২০২১-০৬-১৭
২০২২ সালের মার্চে ঢাকায় পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হবে। সবার আগে বানানো হবে ডিপো। এরপর পর্যায়ক্রমে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামোর কাজ শুরু হবে। পাতাল রেলে যাত্রী পরিবহন শুরু হবে ২০২৬ সালে৷ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, ১২ টি প্যাকেজের মাধ্যমে এমআরটি-১ প্রকল্পের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণ কাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ৬ মাসের মধ্যে রূপগঞ্জের পিতলগঞ্জে ডিপোর কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
এমএন ছিদ্দিক আরও বলেন, এই লাইনটির দুটি অংশ। প্রথম অংশটি পুরোপুরি পাতালপথে। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পাতাল অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। অন্যদিকে, কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত নির্মাণ করা হবে উড়ালপথ, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬ কিলোমিটার।
ঢাকায় পাতাল রেলের জন্য ২৫টি ট্রেন কেনার কথা জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিটি ট্রেন ৮টি করে কোচ থাকবে৷ একেকটি ট্রেনে একসাথে ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে । আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। রেললাইনটি নির্মাণে খরচ হচ্ছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।
টিএএন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত