রেলক্রসিংয়ে ছিল না গেটম্যান, ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ আহত

Passenger Voice    |    ১১:০৭ এএম, ২০২১-০৬-০৮


রেলক্রসিংয়ে ছিল না গেটম্যান, ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ আহত

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (০৭ জুন)  রাত ২টার দিকে উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত তিন পুলিশ সদস্য হলেন- রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল পুলিশ। প্রাইভেটকারটি নিয়ে রাত ২টার দিকে রায়পুরার সাপমারা রেলক্রসিং অতিক্রম করতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়। পরে পেছনে থাকা অটোরিকশা ও এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে মুঠোফোনে বলেন, অন্য সময় এই গেটে গেটম্যান থাকলেও রাতে কাউকে দেখা যায়নি এবং গেট অরক্ষিত ছিল।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, তিনজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবে আশা করি।

বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছে।

 

টি/এ/এন