৮ জুন থেকে ট্রেনের টিকিট ক্রয় করা যাবে কাউন্টারেও

Passenger Voice    |    ১০:২০ এএম, ২০২১-০৬-০৩


৮ জুন থেকে ট্রেনের টিকিট ক্রয় করা যাবে কাউন্টারেও

বর্তমানে ট্রেনের টিকিট শুধু অনলাইনেই বিক্রি হচ্ছে। তবে অনলাইনে সবার পক্ষে টিকিট ক্রয় সহজ নয়।

আসছে ৮ জুন থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট। মঙ্গলবার (০১ জুন) কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুসারে, আসছে ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে জানান, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অনুসারে, ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে যাত্রীবাহী ট্রেন। এখন টিকিট বিক্রি হচ্ছে শুধু অনলাইনে। আসছে ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।