সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Passenger Voice    |    ০৩:০৭ পিএম, ২০২১-০৫-২৭


সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বামনডাঙ্গা রেল স্টেশনের অদূরে দক্ষিণ শাহবাজ গ্রামে ইটভাটা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহমান দক্ষিণ শাহবাজ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত তোফাজ্জল ব্যাপারী।

স্থানীয়রা জানান, আব্দুর রহমানের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি সকালে বাড়ির সামনে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। সকাল ৭টার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লকডাউনে দীর্ঘ দিন রেল বন্ধ থাকার পর চালুর বিষয়টি আব্দুর রহমান জানতেন না বলে দাবি করেন তার স্বজনরা।

বামনডাঙ্গা রেলস্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, ঘটনাস্থল প্রায় স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। সেখান থেকে ট্রেনের সামনের হুকের সাথে আটকে রহমানের লাশ রেলস্টেশন পর্যন্ত এসে পৌঁছে। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।