ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

Passenger Voice    |    ১০:৩৬ এএম, ২০২১-০৫-২৭


ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেন থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। নিহত আতিক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা এলাকার সোহেল মিয়ার ছেলে। বুধবার (২৬ মে) দিনগত রাত আড়াইটায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ মো. হারুনুর রশীদ এ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতিক পারাবত ট্রেনযোগে শ্রীমঙ্গল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে রাউতপাড়া এলাকায় এলে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কয়েকজন যাত্রী জানিয়েছেন আতিক ট্রেনের ছাদে ছিলেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ মো. হারুনুর রশীদ বলেন, আতিক ট্রেন থেকে পড়ে মারা গেছেন। তবে, তিনি ছাদে ছিলেন নাকি ট্রেনের ভেতরে ছিলেন তা জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।