মধুখালী-মাগুরা রেললাইন প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী

Passenger Voice    |    ০৫:১২ পিএম, ২০২১-০৫-২৬


মধুখালী-মাগুরা রেললাইন প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী

ফরিদপুরের ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত’ মোট ২৪.৮ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলায় গিয়ে প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী।  

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।  

বৃস্পতিবার মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এসময় মাগুরা প্রান্ত থেকে অনুষ্ঠানে আরও যুক্ত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, রেলসচিব মোহাম্মদ সেলিম রেজা, খুলনা বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।  

এ উপলক্ষে রেলমন্ত্রী বুধবার প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি অনুষ্ঠানস্থলও (রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়) পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।