১৪৭ যাত্রী নিয়ে সিলেট ছাড়লো জয়ন্তিকা

Passenger Voice    |    ০৩:২৫ পিএম, ২০২১-০৫-২৪


১৪৭ যাত্রী নিয়ে সিলেট ছাড়লো জয়ন্তিকা

মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ৪৯ দিন বন্ধ থাকার পর সিলেট রুটে শুরু হলো ট্রেন চলাচল।

সোমবার (২৪ মে) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন সকাল সোয়া ১১টা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ১৪৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, ৩০ মে পর্যন্ত লকডাউন চলাচালে সিলেট রুটে ৩টি আন্তঃনগর ট্রেন চলবে। সোমবার সকালে ১৪৭ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া জয়ন্তিকা ট্রেনটি রাতে সিলেটের উদ্দেশ্যে উপবন হয়ে ঢাকা থেকে ছেড়ে আসবে। এছাড়া পাহাড়িকা চট্রগ্রাম থেকে এসে রাত ৯ টা ৪০ মিনিটে উদয়ন হয়ে ছেড়ে যাবে। এর পাশাপাশি একটি পার্সেল ট্রেনও চালু রয়েছে।

করোনা থেকে সাধারণ মানুষকে সুরক্ষায় দ্বিতীয় বারের মতো গত ৫ এপ্রিল থেকে বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল। তবে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী, অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করেছে ট্রেন।

রেলওয়ে সিলেট স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান আরও বলেন, সোমবার সকাল সোয়া ১১ টায় জয়ন্তিকা এক্সপ্রেস ১৪টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রথমদিনে যাত্রী সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। গতকাল ট্রেন চলাচলের ঘোষণাটি হঠাৎ করে হওয়াতে নির্ধারিত ৫০ শতাংশ আসনই পূরণ হয়নি।
 
এদিকে, বিকেল পৌনে ৪টায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস এবং রাত ৯ টা ৪০ মিনিটে উদয়ন ট্রেন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

তবে সরকারের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ছাড়া কাউকেই ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩০ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলেও সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল করবে জানানো হয়। সেক্ষেত্রে জনগণকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।