শিরোনাম
Passenger Voice | ০৫:৫৯ পিএম, ২০২১-০৫-২৩
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ শিথিল করায় সোমবার (২৪ মে) থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। সেজন্য রেলওয়ে স্টেশন ও ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। দীর্ঘ ৪৯ দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর ইঞ্জিনগুলো ঠিক রয়েছে কিনা তা চালু করে দেখা হচ্ছে।
সোমবার থেকে দেশজুড়ে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে।
সরেজমিন রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে। ট্রেন চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে টিকিট কাউন্টার, স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজারের রুমে তালা ঝুলছে। লাইনে দাঁড়িয়ে ট্রেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের লাইন মেরামতে কর্মীরা কাজ করছেন। আনসার ও রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা যায়।
ট্রেনের লাইনের দুই পাশের পাথর পরিষ্কারের কাজ করছেন মিরাজ। তিনি বলেন, আমরা নিয়মিতই লাইনের কাজ করি। কাল থেকে ট্রেন চলবে কি-না সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। নিয়মিত কাজের অংশ হিসেবেই আমরা কাজ করছি।
এদিকে রোববার (২৩ মে) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, আগামীকাল সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এক আসন ফাঁকা রেখে বিক্রি হবে টিকিট। ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, সব টিকিট বিক্রি হবে অনলাইনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত