৩১ বছর পর চলল বিনা পয়সার পাইলট ট্রেন

Passenger Voice    |    ০১:৩১ পিএম, ২০২১-০৪-২৫


৩১ বছর পর চলল বিনা পয়সার পাইলট ট্রেন

পাবনার ঈশ্বরদীতে ব্রিটিশ আমলে নির্মিত বিনা পয়সার ট্রেন 'পাইলট' চলত এক সময়। সেই লাইনে ৩১ বছর পর আবার চলল ট্রেন। তবে এবার নতুন এই রেলপথে বিনা পয়সার পাইলট ট্রেন চলবে না। চলবে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালপত্র পরিবহনের জন্য নতুন মালবাহী ট্রেন। শনিবার এ লাইনে ইঞ্জিন ট্রায়াল দিয়ে পরীক্ষা করা হয় রেলপথের।

ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে পাকশীর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের কাছাকাছি নতুন রেলস্টেশন পর্যন্ত ইঞ্জিনটি ট্রায়াল দেয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, রেললাইনটি এখন প্রস্তুত। এ রেলপথে রূপপুর প্রকল্পের ভারী মালপত্রসহ মিটারগেজ ও ব্রডগেজ ট্রেন অনায়াসে চলাচল করতে পারবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মালপত্র পরিবহনের জন্য ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে সাঁড়াগোপালপুর-সিবেলহাট হয়ে পাকশী পর্যন্ত প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে এই নতুন রেলপথ স্থাপন করা হয় বলে জানান রূপপুর প্রকল্প ও রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের কর্মকর্তারা।

১৯১৫ সালে পাকশীর ঐতিহাসিক রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ স্থাপনের কিছুদিন পর সাঁড়াঘাটের বরফকল থেকে বরফ পরিবহন করার জন্য ব্রিটিশ রেল কর্তৃপক্ষ প্রথম এই রেলপথ স্থাপন করে। পরে ট্রেন চালু করা হয়। ১৯৯০ সালের দিকে রেলপাত চুরির অজুহাতে পাইলট ট্রেন বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।