শিরোনাম
Passenger Voice | ০২:৫৬ পিএম, ২০২১-০৪-২২
দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ শতাংশ বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেলের নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫২.২২ শতাংশ।
প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট চব্বিশ সেট মেট্রোরেলে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার মধ্যে গত বুধবার (২১ এপ্রিল) ছয় কোচ বিশিষ্ট প্রথম মেট্রোরেল সেট ঢাকার উত্তরাস্থ ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।
দ্বিতীয় মেট্রোরেল সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গত বুধবার সম্পন্ন হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি দেশের মোংলাবন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছবে।
তৃতীয় ও চতুর্থ মেট্রোরেল সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১১ জুন ও ১৩ আগস্টের মধ্যে মোংলাবন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন ওবায়দুল কাদের।
তিনি পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুলাই ও বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর বলে জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত