করোনার মধ্যেও বসলো শঙ্খ নদী রেলওয়ে সেতুর প্রথম গার্ডার

Kamrul Hasan Sajive    |    ০২:১৫ পিএম, ২০২১-০৪-১২


করোনার মধ্যেও বসলো শঙ্খ নদী রেলওয়ে সেতুর প্রথম গার্ডার

কামরুল হাসান সজীবঃ ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে ১২৮ কিলোমিটার দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম দ্রুত গতিতে চলছে রেলপথ নির্মাণকাজ। কক্সবাজার অংশে ২০টি এবং দোহাজারী অংশে ১৮টি সেতুর স্প্যান ও পিলার নির্মাণকাজ শেষ হয়েছে। কক্সবাজার সেতুগুলোতে গার্ডার বসানোর কাজ প্রায় শেষের দিকে হলেও দোহাজারী অংশের চারটি বড় সেতুসহ ১৮টি সেতুতে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। রবিবার (১১ এপ্রিল) বিকালে দোহাজারী প্রান্তে প্রথম ইস্পাত গার্ডার বসানোর কাজ উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান।

রেলওয়ে প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ২০১৭ সালে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে রেলের চুক্তি হয়। কিন্তু জমি পেতে দেরি হওয়ায় প্রকল্প বাস্তবায়ন কাজও দেরিতে শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিলো, কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে কাজ শুরু হলেও দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের কাজ পুরোদমে চলছে।

প্রকল্পের ৩৯টি সেতুর মধ্যে সবগুলোর স্প্যান ও পিলার নির্মাণকাজ শেষ হয়েছে। কক্সবাজার অংশের ২০টি সেতুতে গার্ডার বসানো প্রায় শেষের পথে। দোহাজারী অংশের ১৮টি সেতুর স্প্যান ও পিলার নির্মাণ শেষে ১১ এপ্রিল গার্ডার বসানো শুরু হয়েছে। রেললাইন বসানোর জন্য রাস্তা ভরাটের কাজও শুরু হয়েছে। এ মুহূর্তে ৫০ শতাংশের মতো কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে পুনরায় কাজ বন্ধ না হলে ২০২২ সালের মধ্যে সারা দেশের রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে কক্সবাজার যুক্ত হবে তিনি বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ব্রিজ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, তমা কন্সট্রাকশন এন্ড কো: লি: এর কনস্ট্রাকশন ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, সেফটি অফিসার মমিনুল ইসলাম, চীফ সার্ভেয়ার সেকান্দর আলী, চায়না রেলওয়ে গ্রুপ লি: এর প্রকল্প ব্যবস্থাপক মিস্টার ফিগো, ব্রিজ এন্ড সেফটি ম্যানেজার মিস্টার লিয়াও, নির্মাণ তদারকি পরামর্শক সংস্থা এসএমইসি'র আবাসিক প্রকৌশলী রিকার্ডো টি ডিজন, টিম লিডার স্টিভ, ব্রিজ ইঞ্জিনিয়ার মিলন ঘোষ, কিউসি এন্ড কিউ এ মিস্টার মঈন আহমেদ, জুনিয়র এনভায়রনমেন্ট সেফটি মিস্টার আনারুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।