ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেন সৈয়দপুরে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

Passenger Voice    |    ০৮:৩৩ পিএম, ২০২১-০৩-১৪


ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেন সৈয়দপুরে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

ঢাকা-টু-ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন ‘সম্প্রীতি এক্সপ্রেস’ চালু হচ্ছে আগামী ২৬ মার্চ। এই ট্রেনটি নীলফামারীর সৈয়দপুরে যাত্রাবিরতির দাবিতে আজ রোববার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুরবাসীর ব্যানারে প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতা রুহুল আলম মাস্টার, জাসদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নাট্য সংগঠক আতাউর রহমান ময়না, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রইচ উদ্দিন জোতদার, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিয়ার রহমান দুলু, জাপা নেতা শিল্পপতি সিদ্দিকুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের মধ্যস্থিত শহর হচ্ছে সৈয়দপুর। এ কারণে এখানে ওই ট্রেনের যাত্রাবিরতি করলে রংপুর বিভাগের ৮ জেলাবাসীর সুবিধা হবে।

এছাড়া এখানে রয়েছে আন্তর্জাতিকমানের আঞ্চলিক বিমানবন্দর। ফলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হলে অত্রাঞ্চলের হাজার হাজার যাত্রী চরম বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। বিষয়টি অনুধাবন করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা।