শিরোনাম
Passenger Voice | ০৬:১৭ পিএম, ২০২১-০৩-১১
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়েকে ঢেলে সাজাতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে নতুন বগি ও লোকমোটিভ ইঞ্জিন আমদানি করা হয়েছে।
যাত্রী সেবার মানও আগের তুলনায় আধুনিকায়ন এবং অনেক উন্নত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশনে নতুন রূপে নতুন সাজে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেল মন্ত্রী বলেন, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে শিগগিরই ডাবল লাইনের কাজ শুরু হবে। তখন জামালপুর থেকে ঢাকায় ট্রেনযোগে যাতায়াতের সময় অনেক কমে যাবে।
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রী বলেন, সব আন্তঃনগর ট্রেনে নারী, শিশু, সিনিয়র নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের আসন সংরক্ষিত রাখার সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে। রেলওয়ের আইন অনুযায়ী আসন সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় পদপেক্ষ নেওয়া হবে।
তিনি বলেন, রেলওয়ে এতো দিন অবহেলিত ছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মৃতপ্রায় রেলপথের প্রাণ ফিরিয়ে এনেছে। রেলপথ উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে পূর্বের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাকি বিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, পুরাতন বগি দিয়ে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে যাত্রী পরিবহণ করে আসছিলো। নতুন বগি সংযোজনের দীর্ঘদিনের দাবি ছিলো যাত্রীদের। সেই দাবি পূরণ হলো নতুন রূপে, নতুন সাজে ট্রেনের যাত্রা উদ্বোধনের মাধ্যমে। ট্রেনটি দেওয়ানগঞ্জ প্রান্ত থেকে ভোর ৬টা ৩০ মিনিটে ছেড়ে জামালপুর-ময়মনসিংহ-গফরগাঁও স্টেশন হয়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। আবার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ স্টেশনের উদ্দেশে ছাড়বে সন্ধ্যা ৬টায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত