শিরোনাম
Entertainment desk | ১০:৫২ এএম, ২০২১-০৩-০৩
৮০’র দশক থেকে সাড়া জাগানো সঙ্গীত শিল্পী জানে আলম মারা গেছেন।
মঙ্গলবার রাত ১০ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে...রাজিউন)।
জানে আলমের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রযোজনা সংস্থা সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস তিনি চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে নিউমোনিয়া হয়েছিল তার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রাত ১০টার দিকে মারা যান তিনি।’
শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। গানের শুরুটা স্বাধীনতার পর পরই। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মত।
প্রথম অ্যালবাম ‘বনমালী’দিয়ে তৈরি হয় জানে আলমের পরিচিতি। সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য। মানুষের পছন্দের সাথে মিলিয়ে নতুন ধারা তৈরি করার জন্যই তার এমন গান করা।
জানে আলম শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন সুরকার, গীতিকার, প্রযোজকও ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দোয়েল প্রোডাক্টস। পপ ও ফোকের মিশ্রণে তৈরি গান করে তিনি তুমুল জনপ্রিয়তা পান ৮০’র দশকে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে অন্যতম ‘একটি গন্ধমের লাগিয়া’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত