শিরোনাম
বীমা দিবসে অনুষ্ঠানের অতিথি তালিকায় নেই আইডিআরএ চেয়ারম্যান
Passenger Voice | ১০:৪৬ এএম, ২০২১-০২-২৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছে ডেল্টা লাইফ। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ গোটা আর্থিক খাতকেই আলোড়িত করে তুলেছে। বিষয়টি গড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), অর্থ মন্ত্রণালয়, উচ্চ আদালত ও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে একটি তদন্ত কমিটিও করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিন সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে গত সপ্তাহে। ১৫ কার্যদিবসের মধ্যেই কমিটিকে এ নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে দেশব্যাপী জাতীয় বীমা দিবস পালন করা হচ্ছে আগামী ১ মার্চ। এ উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। আইডিআরএ অনুষ্ঠানের অন্যতম আয়োজক হলেও এর অতিথি তালিকায় নাম নেই সংস্থাটির চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের।
বীমা দিবসের আলোচনা সভার নিমন্ত্রণপত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেনও অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখবেন।
এর আগে আসন্ন বীমা দিবসের অনুষ্ঠানের জন্য ড. মোশাররফের বক্তব্যের খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছিল আইডিআরএ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, খসড়াটি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তার অনুমোদন মেলেনি। এ কারণেই ড. মোশাররফ অনুষ্ঠানে বক্তব্য দিতে পারবেন না এবং তার নামও অতিথি তালিকায় নেই।
সূত্রটি আরো জানিয়েছে, আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি তদন্ত কমিটি করেছে। কমিটির প্রধান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদকে। সদস্য হিসেবে রয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব মৃত্যুঞ্জয় সাহা ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ তাকে প্রধান করে কমিটি গঠনের বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।
এবারের বীমা দিবসের অনুষ্ঠানের অতিথি তালিকায় আইডিআরএ চেয়ারম্যানের নাম না থাকার বিষয়টি অনেকেরই নজরে এসেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অনুষ্ঠানের অতিথি হিসেবে আইডিআরএ চেয়ারম্যান পদাধিকারবলেই উপস্থিত থাকেন এবং বক্তব্য রাখেন। গত বছর বীমা দিবসের অনুষ্ঠানেও তত্কালীন চেয়ারম্যান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন ও বক্তব্য রেখেছেন।
তবে এবারের অনুষ্ঠানে অতিথি তালিকায় নাম না থাকায় সংস্থাটির বর্তমান চেয়ারম্যান অনুষ্ঠানের মঞ্চেও উপস্থিত থাকতে পারবেন না। খাতসংশ্লিষ্টরা বলছেন, আইডিআরএর বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। গুরুতর এ অভিযোগের কারণেই বীমা দিবসে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বক্তা ও অতিথি হিসেবে আইডিআরএ চেয়ারম্যানকে রাখা হয়নি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী স্বচ্ছতার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্তকে সাধুবাদযোগ্য বলে অভিমত খাতসংশ্লিষ্টদের।
সার্বিক বিষয়ে জানার জন্য আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
প্রসঙ্গত, আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের ঘুষ দাবির বিষয়টি সামনে আসে এ বছরের ৭ ফেব্রুয়ারি। এদিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে তার বিরুদ্ধে ৫০ লাখ টাকা উেকাচ দাবিসংক্রান্ত কথোপকথনের রেকর্ডসহ সংবাদ সম্মেলন করে কোম্পানি কর্তৃপক্ষ। এতে অভিযোগ তোলা হয়, ডেল্টা লাইফের অনিষ্পন্ন বিভিন্ন ইস্যু সমাধানের জন্য কোম্পানিটির যুগ্ম নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (জেইভিপি) আব্দুল আউয়াল আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি তার কাছে প্রাথমিকভাবে ২ কোটি, পরবর্তী সময়ে ১ কোটি এবং সর্বশেষ ৫০ লাখ টাকা উেকাচ দাবি করেন। এ-সংক্রান্ত কথোপকথনের রেকর্ডসহ গত ডিসেম্বরে দুদকে লিখিত অভিযোগ করে ডেল্টা লাইফ কর্তৃপক্ষ।
দুদকের কাছে জমা দেয়া ডেল্টা লাইফের কর্মকর্তা আব্দুল আউয়ালের সঙ্গে আইডিআরএ চেয়ারম্যানের ১৯ মিনিট ৪০ সেকেন্ড ও ৮ মিনিট ৩ সেকেন্ডের দুটি অডিও ক্লিপের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, ডেল্টা লাইফের বিভিন্ন ধরনের অনিয়মের বিষয়গুলো সমাধানের জন্য তারা আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে শোনা যায়, আব্দুল আউয়ালকে আইডিআরএ চেয়ারম্যান দাবীকৃত অর্থের বিষয়টি নিয়ে ডেল্টা লাইফের উদ্যোক্তা মনজুরুর রহমানের সঙ্গে কথা বলার অনুরোধ করছেন।
অডিও রেকর্ডিংয়ের ভাষ্যমতে, ড. মোশাররফ দাবীকৃত এ অর্থ আইডিআরএর কাছে ডেল্টা লাইফের বিরুদ্ধে অভিযোগকারীদের দেয়ার জন্য নিতে চাইছেন।
অন্যদিকে ঘুষ দেয়ার প্রস্তাবসহ মিথ্যা অপবাদ দেয়া ও কূটকৌশলের মাধ্যমে মানহানি করার প্রচেষ্টার কারণে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মনজুরুর রহমান, সাবেক সিইও আদিবা রহমান এবং কোম্পানির আরো চার কর্মকর্তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মানহানি মামলা করেছেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
অন্যদিকে ডেল্টা লাইফও দুদকের কাছে জমা দেয়া অভিযোগের বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত দুদককে এ নিয়ে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করারও নির্দেশ দেন।
এর মধ্যেই এ বছরের ১১ ফেব্রুয়ারি পলিসিহোল্ডারদের স্বার্থরক্ষায় ডেল্টা লাইফের পর্ষদকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। সংস্থাটির সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে কোম্পানিটির প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়। প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি দুদকের কাছে কোম্পানির দায়ের করা অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নেন।
প্রশাসকের লিখিত নির্দেশনার ভিত্তিতে ডেল্টা লাইফের যে কর্মকর্তা এর আগে দুদকের কাছে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেছিলেন, তাকে দিয়েই অভিযোগটি প্রত্যাহার করানো হয়। প্রশাসক নিয়োগ, দুদকে দায়ের করা অভিযোগ প্রত্যাহার ইস্যুতে প্রতিকারের জন্য উচ্চ আদালতে আবেদন করে ডেল্টা লাইফের সাবেক পর্ষদ। সম্প্রতি উচ্চ আদালত শুনানি শেষে প্রশাসকের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। তবে এক্ষেত্রে প্রশাসককে তার নিয়োগপত্রে উল্লিখিত শর্তানুসারে দায়িত্ব পালন করতে বলা হয়। পাশাপাশি দুদকের কাছে দায়ের করা অভিযোগ প্রত্যাহার-সংক্রান্ত চিঠিটির কার্যকারিতাও স্থগিত করে দেন উচ্চ আদালত।
আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ দায়ের ও প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, দুদকের কাছে পাঠানো অভিযোগ ফেরত নেয়ার সুযোগ নেই। আইডিআরএ চেয়ারম্যানের ঘুষ দাবি-সংক্রান্ত অভিযোগটি যাচাই-বাছাই সেলের কাছে পাঠানো হয়েছে। একই সেলের কাছে অভিযোগ প্রত্যাহারের চিঠিটিও পাঠিয়ে দেয়া হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
ডেল্টা লাইফের সঙ্গে আইডিআরএর দ্বন্দ্বের সূত্রপাত ২০১৯ সালে। ওই সময় আইডিআরএ হাওলাদার ইউনূস অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে বিশেষ নিরীক্ষা এবং ফেমস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের মাধ্যমে অনুসন্ধানী নিরীক্ষা করায়। দুই প্রতিষ্ঠানের নিরীক্ষায় ৪৭টি আপত্তি উঠে আসে। তাছাড়া গুরুতর ১০টি বিষয় চিহ্নিত করে এ বিষয়ে অধিকতর তদন্তের সুপারিশ করেন নিরীক্ষক। নিরীক্ষা আপত্তির বিষয়ে ডেল্টা লাইফের কাছে ব্যাখ্যা তলব করে আইডিআরএ। এ নিয়ে কোম্পানিটির পক্ষ থেকে পাঠানো জবাব সংস্থাটির কাছে সন্তোষজনক মনে হয়নি। এর পরিপ্রেক্ষিতেই কোম্পানিটিতে প্রশাসক নিয়োগের পথ প্রশস্ত হয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে ডেল্টা লাইফে বিশেষ নিরীক্ষা করার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) উদ্যোগ নিয়েছে। এজন্য নিয়োগ দেয়া হয়েছে ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে। পাশাপাশি ডেল্টা লাইফে আইডিআরএ নিয়োজিত প্রশাসকের পক্ষ থেকেও কোম্পানিটির আর্থিক নিরীক্ষা করার উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী সপ্তাহেই এটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন ডেল্টা লাইফের প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা। সূত্র :- বণিক বার্তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত