৩ ঘণ্টা আটকে থাকার পর ছাড়ল সিরাজগঞ্জ এক্সপ্রেস

Passenger Voice    |    ০১:৩৫ পিএম, ২০২১-০২-২২


৩ ঘণ্টা আটকে থাকার পর ছাড়ল সিরাজগঞ্জ এক্সপ্রেস

সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে ‘চাবি হারিয়ে’ তিনঘণ্টা আটকে থাকার পর প্লাটফর্ম ছেড়ে গেছে ঢাকামুখী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামের ট্রেনটি। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থেকে সকাল ৬টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই কারণে তিনঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। 

তিনঘণ্টা আটকে থাকার কারণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন ‘ইঞ্জিন বিকল হয়ে’, আবার কেউ বলছেন ট্রেনের ‘চাবি’ হারিয়েই ট্রেনটি প্লাটফর্মে আটকে ছিল।  

নির্দিষ্ট সময় পরে ট্রেন ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রীদের অনেকেই ঢাকায় গিয়ে অফিস করতেন। কিন্তু দেরিতে ট্রেন ছাড়ায় তারা অফিস ধরতে পারবেন না। এ কারণে ক্ষোভ প্রকাশ করেন তারা।

নয়ন নামে এক ট্রেন যাত্রী বলেন, সকালে এসে শুনতে পাই ইঞ্জিন বিকল হয়ে পড়েছে আবার কেউ বলছেন ট্রেনের চাবি হারিয়ে গেছে যার জন্য ট্রেন ছাড়তে পারছে না। সময় মত ঢাকায় যেতে না পারার কারণে কাজের অনেক ক্ষতি হবে। তিনি ক্ষোভের সাথে বলেন, এটা দায়িত্বের অবহেলা ছাড়া কিছুই না।

সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনের বুকিং সহকারী জিয়াউর রহমান জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু সোমবার সকালে চালক ইঞ্জিন চালাতে গিয়ে দেখেন সেটি বিকল হয়ে পড়েছে। এ কারণে ঈশ্বরদী থেকে আরও একটি ইঞ্জিন আনার পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তবে এ বিষয়ে সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন বলেন ভিন্নকথা তিনি বলেন, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এরপর বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে প্রায় তিনঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে চাবি কীভাবে হারিয়ে গেল এ বিষয়ে বিস্তারিত তিনি জানাননি।