শিরোনাম
Passenger Voice | ০২:৫৪ পিএম, ২০২১-০২-১৩
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় মো. তারেক (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে চলন্ত অবস্থায় সীমান্ত এক্সপ্রেস থেকে নামার সময় প্ল্যাটফর্মে পড়ে তার মৃত্যু হয়।
নিহত তারেক অভয়নগর উপজেলায় অবস্থিত যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ে মিটার রিডার পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জোড়াগাছা গ্রামের তাজামিলুর রহমানের ছেলে।
নওয়াপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, মো. তারেক খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে বগুড়া থেকে নওয়াপাড়ায় আসছিলেন। আজ শনিবার ভোর চারটার দিকে ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে থামে। এসময় তারেক ট্রেনের মধ্যে ঘুমাচ্ছিলেন। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেলে তড়িঘড়ি করে চলন্ত ট্রেন থেকে নামার সময় প্লাটফর্মের উপর পড়ে যান। পরে প্লাটফর্মের উপর থাকা লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এ কিছুক্ষণ পর ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মো. মহসিন রেজা বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন থেকে ছেড়ে দিলে তারেক নামে ওই যাত্রী ট্রেন থেকে নামতে গিয়ে প্লাটফর্মে পড়ে যান। এর পরপরই তিনি মারা যান।’
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক চন্দন সরকার জানান, মো. তারেক মাথায় বেশ আঘাত পেয়েছেন। হাসপাতালে ভর্তির পর ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত