ক্রসিংয়ের ওপর বন্ধ ইঞ্জিন, ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

Passenger Voice    |    ১০:২৪ পিএম, ২০২১-০২-০৪


ক্রসিংয়ের ওপর বন্ধ ইঞ্জিন, ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি অবৈধ রেলক্রসিংয়ে মাইক্রোবাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর মাইক্রোবাসটিকে টেনে হিঁচড়ে প্রায় চারশ' ফুট দূরে নিয়ে যায় ট্রেনটি। ঘটনার সময় মাইক্রোবাসে চালক ছাড়া কেউ ছিল না। এ ঘটনায় চালক প্রাণে বেঁচে গেলেও মাথায় ও হাতে আঘাত পেয়েছেন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত চালক আব্দুল জলিলকে (৩০) দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার নন্দলালপুর রেলক্রসিংয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের এসআই মোকলেছ বলেন, দুর্ঘটনাকবলিত নোয়া মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-চ ১৯-৯১১১) ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) মেগা প্রকল্পে ব্যবহৃত হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ছেড়ে আসা ট্রেনটি ফতুল্লার নন্দলালপুর এলাকায় পৌঁছে। ওই সময় রেলক্রসিং পার হচ্ছিল ডিএনডি প্রকল্পে ব্যবহৃত মাইক্রোবাসটি। তবে রেলক্রসিংয়ে উঠেই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ক্রসিং পার হতে পারেনি মাইক্রোবাসটি।

ফলে ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চারশ' ফুট পর্যন্ত নিয়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন ছুটে এসে মাইক্রোবাস থেকে চালক আব্দুল জলিলকে উদ্ধার করে পাগলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, অবৈধ রেলক্রসিংয়ের বিষয়ে আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ওই স্থানটি খুবই ঝুঁকিপূর্ণ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পাগলা এলাকায় যাতায়াতে নন্দলালপুর এলাকার ওই অবৈধ রেলক্রসিংটি ব্যবহৃত হয়। ক্রসিংটি বন্ধ করে দিলে ব্যবসায়ীসহ জনসাধারণের দুর্ভোগ বাড়বে। আর চালু রাখলে এখানে একজন গেটম্যান নিয়োগ দিতে হবে। নতুবা এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।