শিরোনাম
Passenger Voice | ১১:১১ এএম, ২০২১-০২-০৪
এক গৃহবধূকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহী রেলস্টেশনের স্টেশন মাস্টার মঈন উদ্দিন আজাদ। বুধবার রাতে নাটোরের মাধনগর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেন বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।
মামলা সূত্রে জানা যায়, ট্রেনে যাতায়াতের সূত্রে পরিচয়। এরপর সখ্যতা থেকে রেলওয়েতে চাকরির প্রস্তুতির বই দেয়ার নামে নিজ বাসায় ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন মঈন উদ্দিন আজাদ।
এনিয়ে ১৯ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন ওই গৃহবধূ। ওই মামলার প্রেক্ষিতে মঈন উদ্দিন আজাদকে বুধবার রাতে নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন থেকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ।
তিনি জানান, নগরীর শিরোইল কলোনির এক গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মঈন উদ্দিন আজাদকে (৪২) গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার পদে কর্মরত। মামলার পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ নাটোরের মাধনগর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনে যাতায়াতের পথে স্টেশন মাস্টার আজাদের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হত। আজাদ ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়েছিলেন। এজন্য ঘুষ হিসেবে ওই নারীকে আট লাখ টাকা লাগবে বলে জানান। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেলের চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার নামে ১৭ জানুয়ারি ওই নারীকে বাসায় ডাকেন তিনি। ওই নারী সরল বিশ্বাসে তার বাসায় গেলে দেখেন সেখানে কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন।
এজাহারে আরও উল্লেখ রয়েছে, ধর্ষণের পর রেল কর্মকর্তা ঘটনাটি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকিও দেন।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র গোলার রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে স্টেশনমাস্টার মঈন উদ্দিন আজাদের অবস্থান জেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে নাটোর থেকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত