শিরোনাম
Passenger Voice | ০৭:৫৯ পিএম, ২০২১-০১-৩০
চলতি বছরের ডিসেম্বরে মোংলা-খুলনা রেললাইন নির্মাণকাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে মোংলা-খুলনা রেললাইন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী এ সময় বলেন, যেহেতু দীর্ঘমেয়াদি প্রজেক্ট তাই দ্রুত এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।
এ বছরের জুন মাসে এই কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি বাধাগ্রস্থ হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে এ রেল লাইনের ওপর ব্রিজ ও কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু মাটির কাজ বাকি আছে, সেটি এই শুকনো মৌসুমে শেষ করা হবে।
শুরুতে ২০১০ থেকে ২০১৩ মেয়াদে এক হাজার ৭২১ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হওয়ার কথা ছিল প্রকল্পটি। অথচ তিন দফায় প্রকল্প ব্যয় বাড়তে বাড়তে এখন তিন হাজার ৮০১ কোটি টাকায় পৌঁছেছে। খুলনা-মংলা বন্দর রেলপথ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের, আইএমইডি'র সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এরই মধ্যেই চতুর্থবারের মতো ২০২১ সাল পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রকল্প শেষ হওয়ার সময় বাড়ছে আট বছর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।
খুলনা-মংলা রেলপথ প্রকল্পের কাজ তিনটি অংশে বিভক্ত। রেলসেতু, রেললাইন এবং টেলিকমিউনিকেশন ও সিগন্যালিং। এছাড়া ২১টি ছোটখাটো ব্রিজ ও ১১০টি কালভার্ট নির্মিত হচ্ছে এর আওতায়।
এদিন রেলমন্ত্রীর সাথে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা, মোংলা উপজেলার ইউএনও কমলেশ মজুমদার, মোংলা-খুলনা রেললাইন নির্মাণের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকনের প্রকল্প ম্যানেজার অজিত কুমার, ডেপুটি ম্যানেজার তীর থংকর জানা ও বিরেন সাহা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত