শিরোনাম
Passenger Voice | ০৭:১১ পিএম, ২০২১-০১-২৯
রাজধানীর ফুটপাত, বাজার, পাড়া-মহল্লার অলিগলিতে ময়লা-আবর্জনার দৃশ্য রাজধানীবাসীর কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। নগরের পরিচ্ছন্নতা রক্ষায় এবার আসছে বালা নামের এক তরুণী। বালা ঢাকা শহরের রাস্তায়, ফুটপাতে ময়লা ফেলার বিরুদ্ধে কাজ করে। ঢাকা শহরের পরিচ্ছন্নতার বিষয়কে কেন্দ্র করে নাট্যকার মিজানুর রহমান বেলাল রচনা করেছেন একটি টেলিছবি। আর সেই গল্পকে পর্দায় রূপ দিয়েছেন নির্মাতা আদিত্য জনি। টেলিছবির প্রধান একটি চরিত্র বালা। ‘নগরবালা’ শিরোনামের টেলিছবিটির মধ্য দিয়ে নির্মাতা ও রচয়িতা সচেতনতামূলক একটি বার্তা দেয়ার চেষ্টা করেছেন দর্শকদের।
‘নগরবালা’র নির্মাতা আদিত্য জনি বলেন, অসাধারণ এক গল্পে কাজ করতে পেরে আনন্দিত। বিশেষ করে নগরের মানুষ এক ধরনের বার্তা পাবে ‘নগরবালা’ টেলিছবিতে।
নগরবালায় দেখা যাবে সচেতনতামূলক কাজ করতে গিয়ে বালা নামের সেই তরুণীর সঙ্গে আবির নামে এক ছেলের দ্বন্দ্ব বাধে। আবির ক্ষমতার প্রভাব ও পিতার ধন-সম্পত্তির অহংকারে বালার ক্ষতি করার নানা রকম ছক আঁকে গোপনে। তবে শেষ পর্যন্ত আবির ও বালার মধ্যে কী ঘটে তা দেখতে আগামীকাল চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। ‘নগরবালা’ বেলা ৩টায় প্রচারিত হবে।
নাটকটিতে বালা চরিত্রে অভিনেত্রী সানজিদা ইসলাম ও আবির চরিত্রে দেখা যাবে অভিনেতা শিপন মিত্রকে। এছাড়া অন্যান্য চরিত্রে থাকছেন আজম খান, সারা, ইমরান হাসো, আরশি খানসহ এক ঝাঁক পরিচিত মুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত