শিরোনাম
রেলের হাসপাতালে পদোন্নতি জালিয়াতি
Passenger Voice | ০৬:৫৫ পিএম, ২০২১-০১-০৪
নিজস্ব প্রতিবেদকঃ ২০১৮ সালে চট্টগ্রাম রেলওয়ের জুনিয়র নার্স পদে পদোন্নতি নিয়ে হয়েছিল চরম জালিয়াতি। নির্বাচনী কমিটির আহবায়ক পূর্বাঞ্চল রেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা সিএমও ডঃ ইবনে সফি আব্দুল আহাদের (সাবেক ডিএমও/চট্টগ্রাম) নেতৃত্বে বিধি লঙ্ঘন করে অবৈধ সুবিধার বিনিময়ে অনৈতিক পন্থায় এস/খালাসী থেকে জুনিয়র নার্স পদে পদোন্নতি পেয়েছিল ইয়াছিন ভুঁইয়া নামের এক কর্মচারী। বিষয়টি গুরুত্ব দিয়ে গত ২৪ ডিসেম্বর “ঘুষে পদোন্নতি দিত রেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ইবনে শফি” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্যাসেঞ্জার ভয়েস। প্রতিবেদনটি প্রকাশের পর নড়ে চড়ে বসে রেলওয়ে প্রশাসন। এবার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা খোদ জানালেন পূর্ব রেলের মহাব্যবস্থাপক জাহাঙ্গির হোসেন।
জানা যায়,নিয়োগ বিধি ৮৫ মোতাবেক মিডওয়াইফ,ওয়ার্ড এটেন্ডেন্ট ও আয়া পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে জুনিয়র নার্স পদে পদোন্নতি প্রদানের বিধান থাকলেও অদৃশ্য ক্ষমতার বলয় ব্যবহার করে ২০১৫ সালে এস/খালাসী পদে চাকুরীতে যোগদান করা ইয়াছিন ভুঁইয়া ফিডার পদ পূর্ণ না হওয়া সত্ত্বেও পদোন্নতি পেয়ে যায়। এছাড়া প্রধান সংস্থাপন কর্মকর্তা চারটি শূন্য পদের বিপরীতে পদোন্নতি দেয়ার অনুমতি দিলেও অতিরিক্ত ভাবে এই এস/খালাসী কে সংযোজন করে পদোন্নতি দেয়া হয়েছিল মোট পাঁচজনকে।
এদিকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে পদোন্নতি নিয়ে এমন ডজন খানেক অনিয়ম দুর্নীতির প্রমান হওয়ায় ২০১৯ সালের ৯ অক্টোবর প্রধান সংস্থাপন কর্মকর্তার এক আদেশে প্রধান সহকারী এএমই/আইসি/সিএনড ডাব্লিউ/লালমনিরহাট মো.আনোয়ার হোসেনকে পদাবনিত করে অফিস সহায়ক এমএলএসএস করা হয়, এছাড়া অফিস সহকারী-কাম-কম্পিউটার মূদ্রাক্ষরিক ডিটিএস লালমনিরহাট মো.কামরুল হাসানকে পদাবনিত করে অফিস সহায়ক এমএলএসএস, মো.নাজমুল আবেদীন অফিস সহকারী-কাম-কম্পিউটার মূদ্রাক্ষরিক কে ডিসেপন্সারী ক্লিনার/পরিচ্ছন্নতা কর্মী পদে পদাবনিত করেছে পশ্চিম রেলের কর্তৃপক্ষ।
তবে পূর্বাঞ্চল রেলের স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিমধ্যে পূর্বাঞ্চল রেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা সিএমও ডঃ ইবনে সফি আব্দুল আহাদের এমন জালিয়তির বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গির হোসেন। প্যাসেঞ্জার ভয়েসের সাথে এক আলাপ কালে তিনি বলেন, জুনিয়র নার্স পদোন্নতিতে কোন অনিয়ম হয়ে থাকলে তদন্ত পূর্বক সেটা ব্যবস্থা নেয়া হবে। সিএমও দায়ী থাকলে সরকারী আচরণ বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
বিষয়টি নিয়ে পূর্বাঞ্চল রেলের প্রধান সংস্থাপন কর্মকর্তা (সিপিও) ফাতাহ ভুঁইয়া প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত