শিরোনাম
কাজের অগ্রগতি ৪৭ শতাংশ, চালুর টার্গেট আগামী বছর
Passenger Voice | ০৯:৪৯ এএম, ২০২১-০১-০২
পূর্ণ গতিতে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরির কাজ। এরই মধ্যে বহুল প্রত্যাশিত এ প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। কাজের এ ধারা অব্যাহত থাকলে আগামী বছরের জুনের মধ্যেই রেল চলাচলের উপযোগী হবে এ রুটে।
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে পরিচালক মফিজুর রহমান বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের পর বর্ষাকাল এ প্রকল্পের কাজের গতিতে বড় ধরনের ধাক্কা দেয়। যদিও গত নভেম্বর থেকে পুরোদমে কাজ চলছে। ডিসেম্বর পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। আশা করছি আগামী বছরের জুনের মধ্যেই রেল চলাচলের উপযোগী হবে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন।’
জানা গেছে, রেললাইন তৈরির জন্য মাটি ভরাট কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ। প্রকল্পের ৯টি স্টেশন বিল্ডিংয়ের মধ্যে ৫টি নির্মাণ কাজ হয়েছে প্রায় ২০ শতাংশ। ১৪৫টি কালভার্টের মধ্যে ৭০টি কাজ শেষ হয়েছে। ৩০টি কালভার্টের কাজ চলছে দ্রুত গতিতে। ৩৯টি ব্রিজের মধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ। কক্সবাজারের নির্মাণাধীন সর্বাধুনিক স্টেশন আইকনিক বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ। বনাঞ্চলের ভিতরে হাতি চলাচলের জন্য তৈরি করা হচ্ছে ২টি আন্ডারপাসের কাজ শেষ হয়েছে। ওভারপাস তৈরির কাজও চলছে দ্রুততার সঙ্গে।
প্রসঙ্গত, সারা দেশের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগব্যবস্থা সহজ করতে চট্টগ্রাম-কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য রেললাইন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বাংলাদেশ সরকার ও এডিবি যৌথ অর্থায়ন করছে প্রকল্পটিতে। যার ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। সমীক্ষা শেষে ২০১০ সালের ৬ জুলাই নতুন রেললাইন স্থাপনের জন্য ডিপিপি অনুমোদন দেয় সরকার। ২০১৮ সালের মার্চে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চলাচলের উপযুক্ত হলে তা হবে দেশের যোগাযোগব্যবস্থার জন্য যুগান্তকারী প্রকল্পগুলোর একটি। এতে করে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যাতায়াত খুবই সহজ হবে। এতে করে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা আরও উন্নতি হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত