গণপরিবহনে নারী যাত্রীকে যৌন হয়রানি বন্ধে চট্টগ্রাম বিআরটিএ’কে আহ্বান

Mokhtar Hossain    |    ১০:৪৩ এএম, ২০১৯-১২-১১


গণপরিবহনে নারী যাত্রীকে যৌন হয়রানি বন্ধে চট্টগ্রাম বিআরটিএ’কে আহ্বান

পরিবহণ খাতে শৃঙ্খলা এনে যৌন হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআরটিএ’র প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। মঙ্গলবার সকালে বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। একই সাথে এই আওয়ামীলীগ নেতা বহুল আলোচিত সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করা নিয়ে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণের বিভিন্ন অসুবিধা এবং দুর্ভোগ নিয়ে ১৩টি প্রস্তাবনা বিআরটিএ উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর কাছে তুলে দেন।

এ সময় বিআরটিএ উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সরকার দীর্ঘদিন ধরে সড়কের সঙ্গে জড়িত পরিবহন মালিক, শ্রমিক, সুশীল সমাজ, প্রশাসনসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সড়ক পরিবহন আইন কার্যকর করার চেষ্টা চলেছে। সড়কে শৃংখলা আনার দায়িত্ব সকল পর্যায়ের নাগরিকের। সরকার এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত জনগণকে সচেতন করার কাজ করছে। আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।