বিআরটিএ ও সেতু ভবন অপসারণ চান মেয়র আতিক

Passenger Voice    |    ০৭:২১ পিএম, ২০২০-১২-১৭


বিআরটিএ ও সেতু ভবন অপসারণ চান মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বনানীতে বিমানবন্দর সড়কের পাশে গড়ে তোলা সেতু ভবন ও বিআরটিএ ভবনের কারণে ওই এলাকায় যানজট তৈরি হচ্ছে, সে কারণে ভবন দুটি অপসারণ করতে হবে।

বিষয়টি নিয়ে ‘শিগগিরই’ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

আতিকুল ইসলাম বুধবার বলেন, “এ ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। আমি চিঠি লিখব বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সবগুলো বিভাগে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমি আলাপ করব। বিষয়টি নিয়ে কাউকে না কাউকে কথা বলতেই হবে। ভুলটা ধরিয়ে দিতে হবে।”

এই ভবন দুটি নির্মাণে পরিকল্পনায় ঘাটতি দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

রাজধানীর বনানীতে বিমানবন্দর সড়কের পাশে বহুতল সেতু ভবন নির্মাণে পরিকল্পনায় ঘাটতি রয়েছে বলে মনে করছেন মেয়র আতিকতিনি বলেন, “ওই ভবন দুটি এখানে ট্রাফিকের গতি স্লো করে দিচ্ছে। যারা এখানে এটি করেছেন তারা পরিকল্পনা অনুযায়ী করেননি।

“বিমানবন্দর সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে ঠিক আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে পূর্বাচল নতুন শহর গড়ে উঠছে। সেখানে যারা থাকেন তাদের একটা বড় অংশ এই সড়ক ব্যবহার করবেন। মহাখালী ফ্লাইওভারে উঠে গেলেন, কিন্তু নিচের সড়কে দেখেন কতটুকু জায়গা? ট্রাফিক জ্যামের জন্য তো আমরাই দায়ী।”

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ বিষয়ে মেয়র আতিক বলেছিলেন, বনানীর চেয়ারম্যানবাড়িতে ‘নিয়ম বহির্ভূতভাবে’ সেতু ভবন নির্মাণ করা হয়েছে। এ ভবনটির জন্য সড়কে ‘বড় সমস্যা তৈরি হচ্ছে’।

“সেতু ভবনের ওই খালি জায়গায় গাছপালা ছিল। কংক্রিটে আচ্ছাদিত এই শহরের ওই গাছগুলো ‘অক্সিজেন হাব’ ছিল। কিন্তু সেতু কর্তৃপক্ষ সেখানকার গাছ কেটে অপরিকল্পিতভাবে বহুতল ভবন তৈরি করেছে। এতে এলাকার পরিবেশ ও যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে।”