শিরোনাম
Mokhtar Hossain | ১১:০৩ পিএম, ২০১৯-১২-০৮
নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে ইলিয়াস কাঞ্চন ‘অর্বাচীন কথাবার্তা’ বলেন এমন অভিযোগ জানিয়ে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান তার ‘মুখোশ উন্মোচনের’ ঘোষণা দিয়েছেন।
শাজাহান খান বলেন, দক্ষ চালক তৈরিতে তাদের (নিরাপদ সড়ক আন্দোলন) কোনো ভূমিকা নেই। বরং নামে-বেনামে ইলিয়াস কাঞ্চন নানা অনিয়ম করে থাকেন। তা জনসম্মুখে তুলে ধরা হবে।
রবিবার সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উন্নত প্রশিক্ষণ কোর্সের এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১৩ নম্বর সেক্টর এলাকায় ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারে (ডিটিসি) এ কোর্সের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান আরো বলেন, ‘সড়ক নিরাপদ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তবু সড়ক নিরাপত্তায় আইন পরিবর্তনের দরকার আছে। তবে তা হতে হবে বাস্তবমুখী। যা চালকদের সহনীয় হবে। একটি পক্ষ একতরফা চালকদের শাস্তির দাবি করে অন্য জড়িত বিভাগকে আড়াল করে চলেছে’।
তিনি বলেন, ‘মূলত সড়ক নিরাপত্তায় প্রয়োজন সড়ক সংস্কার, প্রকৌশল ত্রুটি, পথচারী, যাত্রী পুলিশসহ সমন্বিত উদ্যোগ’।
জাল লাইসেন্সধারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, চালকদের দক্ষ করতে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারী বৃদ্ধি করতে হবে।
এ সময় ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি তানভীর হায়দার চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত