শিরোনাম
Passenger Voice | ০২:৩১ পিএম, ২০১৯-১২-০৬
বাংলাদেশি মডেল-অভিনেত্রী মিথিলার সঙ্গে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর বিয়ের গুঞ্জন নিয়ে কম জল ঘোলা হয়নি। ভারতের টাইমস ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম তাদের বিয়ের সম্ভাব্য তারিখ জানিয়েছিল আগামী বছরের ২২ ফেব্রুয়ারি। কিন্তু মিথিলার ফুফাতো ভাই সঙ্গীতশিল্পী অর্ণব জানিয়েছিলেন, মিথিলা-সৃজিতের বিয়ে এ বছরের ডিসেম্বরে। তবে মিথিলা কিংবা সৃজিত কেউই এ নিয়ে সরাসরি কখনো মুখ খুলেননি।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, সন্ধ্যায় বিয়ে হচ্ছে মিথিলা-সৃজিতের । বাংলাদেশ থেকে মিথিলার পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছেছেন। বিয়েতে খাওয়া-দাওয়া, বর-কনের পোশাক কেমন হবে, টলিউডের কারা অতিথি হচ্ছেন এ নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে সংবাদমাধ্যমটি।
তারপরও কিছুটা সংশয় যেন থেকেই যাচ্ছিল। তাই দুই তারকার বিয়ে নিয়ে ধোঁয়াশা কাটাতে সরাসরি যোগাযোগ করা হয় সৃজিতের সঙ্গে। হোয়াটস অ্যাপে প্রথমেই জানতে চাওয়া হয়, আজ নাকি আপনাদের বিয়ে? খবরটি কি সত্যি? উত্তরে বাংলাদেশ প্রতিদিনকে সৃজিত মুখার্জী বলেন, হ্যাঁ, আজ আমাদের বিয়ে। যা শুনেছেন সত্যিই শুনেছেন।
অথচ কয়েকদিন আগে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছিল বিয়ে নাকি ফেব্রুয়ারিতে, তাহলে সিদ্ধান্ত পাল্টালেন কেন? এবার সৃজিত বলেন, আমি কিন্তু সেসময় বলেছি, খবরটি ভুল ছিল।
মুখের কথা শেষ না হতেই জানতে চাওয়া হলো তা হানিমুনে কোথায় যাবেন? দেশে, না দেশের বাইরে? এবার সৃজিত বললেন, এতটুকুই বলার ছিল। আপাতত আর কিছু বলতে চাই না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত