শিরোনাম
Passenger Voice | ০৫:০৭ পিএম, ২০২০-১১-১৪
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে একযোগে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়া ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঢাকা মহানগর কমিটি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি শ্রমিক নেতা মাহবুবুর রহমান, জাসদের অর্থ বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী শিরীন সিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা দেশবাসীর মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে। যেভাবে একই সময়ে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়েছে এটা সংঘবদ্ধ শক্তির সুপরিকল্পিত দেশে অশান্তি সৃষ্টির জঘন্য তৎপরতা ছাড়া আর কিছুই নয়।
সমাবেশ থেকে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার দাবি জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত