শিরোনাম
Passenger Voice | ০১:৪৪ পিএম, ২০২০-১১-১৪
'রাজধানীতে বাস পোড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পূর্ব পরিকল্পিত ঘটনা। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এসব নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়।'
আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, 'বাংলাদেশ রাষ্ট্র এখন জনকল্যাণের জন্য নয়, জনগণের জন্য নয়। দেশ এখন লুটেরাদের দখলে চলে গেছে, খুন-নির্যাতনকারীদের দখলে চলে গেছে। এখানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের মতো করে চালানো হচ্ছে। দেশে চরম সংকট চলছে। চলমান এ সংকট বর্তমান ফ্যাসিবাদি সরকার তৈরি করেছে।'
রাজধানীতে সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'রাজধানীতে বাস পোড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পূর্ব পরিকল্পিত ঘটনা। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এসব নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়।' তিনি বলেন, 'কোনো নাশকতার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, অপরাধীদের আইনের আওতায় আনা হোক।'
একইসঙ্গে দেশের সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, বিনা কারণে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাংবাদিক নির্যাতন করা হচ্ছে। এজন্য সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসকসহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য করে অধিকার আদায় করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
এসময় বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং আটক সাংবাদিক নেতাদের মুক্তির দাবি জানান ফখরুল।
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ২০ দলীয় নেতা মিয়া গোলাম পরোয়ার, পেশাজীবী পরিষদ নেতা সিনিয়র সাংবাদিক শওকত আজিজ, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত